প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালে পানির স্তর নেমে নগরীতে তীব্র পানির সংকট | প্রিয় বরিশাল বরিশালে পানির স্তর নেমে নগরীতে তীব্র পানির সংকট | প্রিয় বরিশাল
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

বরিশালে পানির স্তর নেমে নগরীতে তীব্র পানির সংকট

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিতঃ সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
পানি

বরিশাল মহানগরীর অনেক এলাকায় পানির হাহাকার চললেও উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা উন্নয়নে পরিস্থিতি উত্তরণে প্রকল্প প্রস্তাবনা-ডিপিপি পরিকল্পনা কমিশনের অনুমোদন লাভ করেনি। এ লক্ষ্যে প্রায় ৪৮ কোটি টাকার ডিপিপি পরিকল্পনা কমিশন থেকে ফেরত দেয়া হয়েছে।

প্রায় ১০ বছর আগে নির্মিত দুটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট চালু করার লক্ষ্যে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, তাও এগুচ্ছে অনেকটা ঢিমে তালে। ফলে নগরীজুড়ে সুপেয় পানির সরবরাহ ক্রমে হ্রাস পাচ্ছে। ইতোমধ্যে শুরু হওয়া শুষ্ক মৌসুমে ভূগর্ভস্থ পাানির স্তর ক্রমশ নিচে নামতে শুরু করেছে। ফলে বেশির ভাগ গভীর নলকূপেও পানি উত্তোলন হ্রাস পেতে শুরু করেছ। নগরীজুড়ে পানির হাহাকার আরো তীব্র ও অমানবিক পরিস্থিতি সৃষ্টি করতে শুরু করায় উদ্বেগ্ন নগর প্রশাসনসহ সাধারণ মানুষও।

কিন্তু এরপরেও বিদ্যমান উৎস্যগুলোর যাথাযথ ব্যবহারের মাধ্যমে সম্ভব সর্বোচ্চ পানি সরবরাহের তেমন কোনো উদ্যোগও লক্ষণীয় নয়। এসব বিষয় নিয়ে নগর ভবনের পানি সরবরাহ শাখার দায়িত্বশীল নির্বাহী প্রকৌশলীর সাথে তার সেলফোনে যোগাযোগের বহু চেষ্টা করেও তা সম্ভব হয়নি।

প্রায় ৬০ বর্গকিলোমিটারের বরিশাল মহানগরীর প্রায় ৪৫ হাজার হোল্ডিংয়ে ৩২ হাজারের মতো এখন পানির সংযোগ বিদ্যমান থাকলেও প্রায় সাড়ে ৭ কোটি লিটার চাহিদার ৬০ ভাগও সরবরাহ করতে পারছে না সিটি করপোরেশন। ৩৮টি গভীর নলকূপ থেকে পাম্প হাউজের মাধ্যমে ৭টি ওভারহেড ট্যাংকসহ সরাসরি বিভিন্ন ব্যসার্ধের প্রায় আড়াইশ কিলোমিটার পাইপ লাইনের মাধ্যমে গ্রাহকদের পানি সরবরাহের কথা নগর ভবনের।
নগরীজুড়ে পানির ব্যাপক হাহাকারের মধ্যেও দুটি ওয়াটার ট্রিটমেন্ট প্লন্ট চালু করা হয়নি। এ বছরের শুরুর দিকে সদ্য সাবেক নগর প্রশাসক ট্রিটমেন্ট প্লান্ট দুটি নিয়ে একটি সম্ভব্যতা সমীক্ষা শেষে তা চালুর সিদ্ধান্ত গ্রহণ করেন। প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নগরীর দপদপিয়া ও বেলতলা এলাকার কির্তনখোলা নদী তীরের ওয়াটার ট্রিটমেন্ট প্লাট দুটি চালুর লক্ষ্যে কাজ চলছে। তবে এখনো কাজের গতি অনেকটা শ্লথ বলে অভিযোগ থাকলেও বিষয়টি নিয়ে সিটি করপোরেশনের পানি সরবরাহ শাখার নির্বাহী প্রকৌশলীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে একটি অসমর্থিত সূত্র দাবি করছে, আগামী মাসের মধ্যে দপদপিয়ার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটি চালুর লক্ষ্যে চেষ্টা চলছে। বেলতলা প্লান্টটি থেকে সুপেয় পানি পেতে আরো অন্তত ৩ মাস সময় লাগবে বলে জানিয়েছে সূত্রটি। এসব ট্রিটমেন্ট প্লান্টে উৎপাদিত পানি সরাসরি গ্রাহকদের সরবরাহের মতো কোনো বিতরণ পাইপলাইন নির্মিত না হওয়ায় তা নগরীর ৭টি ওভারহেড ট্যাংকে উত্তোলন করে গ্রাহকদের কাছে পৌঁছান হবে। ফলে এ নগরীর সুপেয় পানি সমস্যর কতটুকু সমাধান হবে তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউ।

তবে ট্রিটমেন্ট প্লান্ট দুটি চালু করে সেখানে পানি ওভারহেড ট্যাংকে তোলার ফলে ঐসব ট্যংকের সাথে সংযুক্ত গভীর নলকূপগুলো থেকে পানি উত্তোলন বন্ধ রাখার কথা বলেছে একটি দায়িত্বশীল সূত্র। এতে করে নগরীজুড়ে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাবার ভয়াবহ পরিস্থতি কিছুটা হলেও রোধ করা সম্ভব হবে বলে আশা করছেন কর্তৃপক্ষ।

এদিকে গত কয়েক বছর ধরেই বরিশাল মহানগরীর পশ্চিমপ্রান্তজুড়ে পানি সরবরাহ পরিস্থতি ভয়াবহ আকার ধারণ করলেও তা থেকে পরিত্রাণের তেমন কোনো পথ খুঁজছে না নগর ভবন। নগরীর কাজীপাড়া এলাকায় ১৯৮৪ সালে নির্মিত ওভারহেড টাংকটি যেমনি জরাজীর্ণ, তেমনি ঐ ট্যাংকে কাজীপাড়া ও নথুল্লাবাদ গভীর নলকূপ থেকে সাব-মার্সিবল পাম্পের সাহায্যে যে পানি উত্তোলন করা হচ্ছে, ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় দিন-রাত চেষ্টা করেও ট্যাংকটি ভর্তি হচ্ছে না। অথচ ঐ ওভারহেড ট্যাংকটি থেকেই নগরীর সিন্ডবি রোড, গোরস্থান রোড, কলেজ এভেনিউসহ পুরো পশ্চিম প্রান্তে পানি সরবরাহ (?) করা হচ্ছে।

কিন্তু ঐসব এলাকায় সকালে ১৫ মিনিট ও দুপুরে মাত্র ৫ মিনিট পানি সরবরাহ করেই নগর ভবন তার দায়িত্ব শেষ করছে। অথচ গত ৩০ বছরে এ নগরীর বিভিন্ন এলাকায় অনেক গভীর নলকূপ খননসহ পাম্প হাউজ নির্মিত হলেও পশ্চিম প্রান্তটি অন্যসব কিছুর মতো অবহেলিতই রয়ে গেছে।

এ ব্যপারে রোববার সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বিষয়টি দেখছেন বলে জানান। সোমবার থেকে কাজীপাড়া ও নথুল্লাবাদ পাম্প হাউজের গভীর নলকূপ দুটি পরিস্কার করার কাজ শুরু হচ্ছে বলে একটি সূত্র জানিয়েছে। এতে করে সাময়িকভাবে ঐ দুটি নলকূপ থেকে পানি উত্তোলন কিছুটা বড়লেও কোনো স্থায়ী সমাধান হচ্ছে না বলে জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক একটি দায়িত্বশীল মহল।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026,
Design By MrHostBD
themesba-lates1749691102