বরিশাল নগরীর সদর রোড ব্রিটিশ আমল থেকে নানা বিবর্তনের মধ্য দিয়ে আজ এই অবস্থানে পৌঁছেছে। ১৮০১ সালে বাকেরগঞ্জ জেলার সদর দপ্তর বরিশালে স্থানান্তরিত হওয়ার পর এই এলাকা গুরুত্ব পায়। শুরুর দিকে এটি জেল রোড নামে পরিচিত ছিল যেখানে ঘোড়ার গাড়ি চলত এবং বন্দিদের আদালতে আনা-নেওয়া করা হতো। সময়ের পরিক্রমায় সড়কটি আধুনিক রূপ লাভ করে এবং বর্তমানের ব্যস্ততম বাণিজ্যিক ও প্রশাসনিক কেন্দ্র হিসেবে গড়ে ওঠে।
উনিশ শতকের গোড়ার দিকে প্রতিষ্ঠিত অশ্বিনী কুমার হল বরিশালের রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। এছাড়া ১৯০৮ সালে জিন্নাত বিবি কর্তৃক খননকৃত ঐতিহাসিক বিবির পুকুর নগরীর সৌন্দর্য বৃদ্ধি করে চলেছে। ক্যাথলিক চার্চ ও কেন্দ্রীয় শহীদ মিনারের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো এই এলাকার ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে।
উন্নয়নের ছোঁয়া লাগলেও এই সড়কে বর্তমানে নানা ধরনের প্রতিকূলতা দেখা দিয়েছে। সড়কের দুই পাশে অবৈধ পার্কিং এবং ফুটপাত দখলের ফলে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে, যা নগরবাসীর দৈনন্দিন চলাচলে বড় ধরনের ভোগান্তি তৈরি করছে। এছাড়া ডাম্পিং ম্যানেজমেন্টের অভাবে ড্রেনেজ ব্যবস্থা অকেজো হয়ে পড়া এবং শব্দদূষণের কারণে পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
স্কুল-কলেজ ও হাসপাতালের মতো সংবেদনশীল এলাকার সামনেও নিয়ম ভেঙে যত্রতত্র হর্ন বাজানো হচ্ছে, যা জনস্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলছে। পরিবেশবিদ ও স্থানীয় সচেতন মহল মনে করেন, ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ, পার্কিং ব্যবস্থার উন্নয়ন এবং ড্রেনেজ ব্যবস্থার সংস্কার করা হলে এই ঐতিহাসিক এলাকার শৃঙ্খলা ও সৌন্দর্য ফিরিয়ে আনা সম্ভব।
এই সংবাদ আরো পড়তে ভিজিট করুন: www.priyobarishal.com