নব্বইয়ের দশকে বরিশালে জাতীয়তাবাদী ছাত্রদলে নেতৃত্ব দেওয়া ১৫ জন সাবেক ছাত্রনেতা গত দুইদিন ধরে ঢাকায় অবস্থান করছেন। দলে ‘মূল্যায়ন’ ও ‘পদায়নের’ লক্ষ্যে তারা কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করছেন। গতকাল রোববার তারা জাতীয়তাবাদী দলের কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে দেখা করে এ দাবির কথা তুলে ধরেছেন।
সাবেক ছাত্রদল নেতারা চাইছেন, বরিশাল মহানগর বিএনপির আসন্ন আহ্বায়ক কমিটিতে সাবেক ছাত্রনেতাদের মধ্য থেকে একজনকে সদস্য সচিব এবং অন্যদের বিভিন্ন পদে পদায়ন করা হোক।
এ প্রসঙ্গে সাবেক ছাত্রদল নেতা বিএনপির বর্তমান মহানগর কমিটির সহসভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন মেবুল গতকাল বেলা ৩টার দিকে মোবাইল ফোনে সমকালকে জানান, ছাত্রদলের ১৫ জন সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক গতকাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু (বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত) ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে দেখা করেছেন। কেন্দ্রীয় নেতাদের কাছে তারা ১০ জন সাবেক নেতার একটি তালিকা দিয়েছেন। তারা প্রত্যাশা করছেন, মহানগরের নতুন আহ্বায়ক কমিটিতে তাদের পদায়ন করা হবে।
আক্তার হোসেন মেবুল বলেন, বরিশাল বিএনপিতে যোগ্যদের কোনো মূল্য নেই, এক শীর্ষ নেতা অযোগ্যদের গুরুত্বপূর্ণ পদে রেখেছেন।
প্রসঙ্গত, অভিযোগ রয়েছে, বরিশাল বিএনপিতে গত তিন দশক ধরে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার একচ্ছত্র আধিপত্য বিস্তার করে রেখেছেন। ‘মূল্যায়ন’ ও ‘পদায়ন’ করা হয়নি- এমন সাবেক ছাত্রদল নেতারা চাইছেন কেন্দ্রীয় নেতারা এ ব্যাপারে হস্তক্ষেপ করুক। তবে তাদের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে, তারা দলের কর্মসূচিতে অংশ নেন না এবং সাংগঠনিকভাবে তৎপর নন।
এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মহানগর সভাপতি মজিবর রহমান সরোয়ার বলেন, সাবেক ছাত্রনেতাদের মধ্যে জাহিদ, মেবুল, আজিমসহ অনেকেই মহানগরের বিভিন্ন পদে থেকেও মামলা-হামলার ভয়ে মিছিল-সমাবেশে আসেন না, গা বাঁচিয়ে চলেন। আসলে তারা রাজনীতি করতে চান না। তিনি জানান, ওই নেতারা কেন্দ্রে ছুটলেও তার কাছে আসেননি। তিনি উল্টো জানতে চান, পদ পাওয়া সাবেক ছাত্রদল নেতারা দলের জন্য কতখানি দায়িত্ব পালন করেছেন?
বিএনপির কেন্দ্রীয় নেতাদের কাছে ‘মূল্যায়ন’ ও ‘পদায়নের’ জন্য যে ১০ জন সাবেক ছাত্রদল নেতার তালিকা জমা দেওয়া হয়েছে, তাদের ৯ জনের নাম জানা গেছে। তারা হলেন- আ. ন. ম সাইফুল আহসান আজিম, মীর জাহিদুল কবির, আক্তার হোসেন মেবুল, খন্দকার আবুল হাসান লিমন, বশিরউদ্দিন আহমেদ, মাকসুদুর রহমান মাকসুদ, জিএম আতায়ে রাব্বী, তসলিম উদ্দিন, মশিউর রহমান মঞ্জু।