বরিশাল জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আদালত অঙ্গনে লঙ্কাকাণ্ড ঘটে গেছে। মনোনয়নপত্র বিতরণে অনিয়মের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের একাংশ। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (৫ মার্চ) আদালত প্রাঙ্গণে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগী আইনজীবীদের দাবি, আগামী ২ এপ্রিলের নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার দুপুর থেকে ফরম বিতরণ শুরু হলেও অনেক যোগ্য প্রার্থীকে ফরম দেওয়া হয়নি।
আওয়ামী লীগ সমর্থিত সাধারণ সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট ইকবাল আজাদ অভিযোগ করেন, “আমি প্রার্থী হওয়া সত্ত্বেও আমাকে এবং আরও অন্তত ৪০-৫০ জনকে ফরম দেওয়া হয়নি।
এমনকি জামায়াত নেতা অ্যাডভোকেট মাসুদকেও ফরম বঞ্চিত রাখা হয়েছে।”
অন্যদিকে, সাবেক ছাত্রদল নেতা অ্যাডভোকেট মজিবর রহমান নান্টু ক্ষোভ প্রকাশ করে বলেন, তিনি জাতীয়তাবাদী দলের অনুসারী হওয়া সত্ত্বেও তাকে ফরম দেওয়া হয়নি।
এই বৈষম্যের বিরুদ্ধে আইনি লড়াই চলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সাবেক সম্পাদক কাজী মনির এই পরিস্থিতিকে “পাতানো নির্বাচন” হিসেবে অভিহিত করেছেন।
তিনি জানান, তফসিল অনুযায়ী ফরম নিতে গেলেও প্রধান নির্বাচন কমিশনার অপারগতা প্রকাশ করেছেন।
আইনজীবীদের একটি বড় অংশ এই প্রক্রিয়াকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।
তবে সব অভিযোগ অস্বীকার করেছেন বর্তমান সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার এস এম সাদেকুর রহমান লিংকন।
তিনি জানান, সভাপতি পদে ৮ জন এবং সম্পাদক পদে ১২ জনসহ মোট ৬০টি ফরম বিতরণ করা হয়েছে।
তার দাবি, “যারা সশরীরে এসেছেন, তাদের সবাইকে ফরম দেওয়া হয়েছে। অনেকে না এসেই অভিযোগ করছেন।”
আরও পড়ুন: ডিজিটাল ফরেনসিক টুলস ও সাইবার নিরাপত্তা