শনিবার সকাল ৯টার দিকে বরিশালের উজিরপুরে এক অমানবিক দৃশ্য দেখা যায়। বামরাইল বাজারে চুরির অভিযোগে অনিক সর্দার নামের এক যুবককে বেঁধে রাখা হয়। সারারাত অনাহার কাটিয়ে সকালে খুঁটির সঙ্গে বাঁধা পড়েন ওই যুবক। এমন সময় সেখানে ছুটে আসেন তার অবুঝ শিশু কন্যা। বাবার এই অবর্ণনীয় কষ্ট দেখে বুক ফেটে কান্না আসে ছোট্ট মেয়েটির।
খবর পেয়ে সে বাজার থেকে নিজের হাতে রুটি ও চা কিনে আনে। এরপর পরম মমতায় নিজের হাতে সেই খাবার খাইয়ে দেয় বাবাকে। বাবা-মেয়ের এই আবেগঘন দৃশ্য দেখে সেখানে উপস্থিত সবার চোখ ভিজে ওঠে। স্থানীয় সচেতন মহল মনে করেন, অপরাধ থাকলে তার আইনগত বিচার হওয়া উচিত। তবে এভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।
পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনিক সর্দারের কাছ থেকে লিখিত মুচলেকা গ্রহণ করেন। মুচলেকা নেওয়ার পর তাকে পরিবারের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। মানবাধিকার কর্মীরা বলছেন, আইন ভঙ্গের অভিযোগ প্রমাণিত হলে তা প্রশাসনের মাধ্যমে সমাধান করা জরুরি।
এই সংবাদ আরো পড়তে ভিজিট করুন: www.priyobarishal.com