বরিশাল, নিজস্ব প্রতিবেদক: কাউনিয়া থানায় রবিবার সকাল ১১টায় অনুষ্ঠিত ওপেন হাউজ ডে সভায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম বলেছেন, “বিট অফিসারকে জনগণের পাশাপাশি নিজের পরিবারের সদস্য ভাবতে হবে।” তিনি আরো বলেন, আগত সকল ভুক্তভোগীর সমস্যা দীর্ঘমেয়াদি গুরুত্বসহকারে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রলয় চিসিম উল্লেখ করেন, পুলিশি সেবা সহজতর করার জন্য বাংলাদেশ পুলিশ ইতোমধ্যে জাতীয় জরুরী সেবা ৯৯৯, বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং, ওপেন হাউজ ডে, নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন, ফেসবুক পেজ, ওয়েব পেজ, সিআইএমএস এবং হ্যালো বিএমপি অ্যাপস চালু রেখেছে। তিনি আশ্বাস দেন, “বাংলাদেশ পুলিশ বিপদে-আপদে, সুখে-দুখে সব সময় জনগণের পাশে থাকবে।
সভায় তিনি পূর্ববর্তী মাসের ওপেন হাউজ ডেতে উত্থাপিত সমস্যার সমাধান ও বাস্তবায়ন বিষয়ে আলোকপাত করেন। এছাড়াও তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখার জন্য অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানান। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার এবং সন্তানদের গমনাগমন নজরদারি, ড্রাইভিং লাইসেন্স বিহীন মোটরসাইকেল না দেওয়া ইত্যাদি বিষয়ে গুরুত্বারোপ করেন।
উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ পুলিশের আইজিপি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তাই সকলকে মাদক নির্মূলের জন্য পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিংই সেই সেতুবন্ধন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পিএমটি সদর দপ্তর ও উত্তর) রুনা লায়লা, সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া থানা) মাসুদ রানা, অফিসার ইনচার্জ কাউনিয়া থানা মোঃ আজিমুল করীম, ইন্সপেক্টর অপারেশন লোকমান হোসেন, অন্যান্য কর্মকর্তারা এবং ওয়ার্ডের বিভিন্ন স্তরের জনগণ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
আরও পড়ুন: বরিশালে পুলিশের নতুন কমিউনিটি উদ্যোগ