নগরীর সরকারি ব্রজমোহন কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী পূজা দাস বলেন, ‘ভালো বর পাবার আশায় ভগবান শিবকে তুষ্ট করতে পূজো দিতে এসেছি। সারাদিন উপবাসে থেকে পূজো দিয়েছি।’
বরিশালে চলছে সনাতন ধর্মাবলম্বীদের শিবচতুর্দশী উৎসব। এটি উদযাপনে নগরীর শ্রী শ্রী শংকর মঠে জড়ো হয়েছেন হাজারো পূন্যার্থী।
বৃহস্পতিবার বিকাল তিনটা বারো মিনিটে শিবচতুর্দশীর তিথি শুরু হয়। শুক্রবার বিকাল তিনটা এগারো মিনিটে শেষ হবে উৎসব।
শিবচতুর্দশীতে উপবাস থেকে দেবতা শিবকে তুষ্ট করতে শিব লিঙ্গে দুধ, জল, ঘৃত, মধু, তেল, সিঁদুড় ও ফুল-বেলপাতা দিয়ে পূজা করেন ভক্তরা। শিব লিঙ্গকে কেন্দ্র করে অনেকে সাতবার, অনেকে তিনবার প্রদক্ষিণও করেন।
নগরীর সরকারি ব্রজমোহন কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী পূজা দাস বলেন, ‘ভালো বর পাবার আশায় ভগবান শিবকে তুষ্ট করতে পূজো দিতে এসেছি। সারাদিন উপবাসে থেকে পূজো দিয়েছি।’
সরকারি মহিলা কলেজের ছাত্রী আদৃতা কর বলেন, ‘দেবতাদের দেবতা বলা হয় মহাদেব অর্থাৎ শিবকে। তিনি যাতে সন্তুষ্ট হন তাই পূজো দিতে এসেছি। শিবকে ঘিরে সাতবার প্রদক্ষিণ করে প্রার্থনা করেছি।’
শ্রী শ্রী শংকর মঠ পূজা উদযাপন কমিটির সভাপতি কিশোর কুমার দে বলেন, ‘বিকাল থেকেই ভক্তদের ঢল নামে শত বছরের পুরোনো এই শিব মন্দিরে। মনবাসনা পূর্ণ করতে সকলেই পূজো দিয়েছেন এখানে। নিরাপত্তার জন্য আমাদের আয়োজনের কমতি নেই।’
মন্দিরের পুরোহিত শিবু চ্যাটার্জী বলেন, ‘রাত ১২টায় মন্দিরে মূল পূজা অনুষ্ঠিত হয়েছে। এখানে ভগবান শিবের মাহাত্ম্য পাঠের পাশাপাশি জগৎ-সংসারের মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়।’