নিজস্ব প্রতিবেদক :: বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ‘গুচ্ছ সিলেকশন’ পদ্ধতি বাতিল এবং বিভাগ পরিবর্তন ইউনিটের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে অনশন করেছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অনশন করেন তারা। পরে তারা একই দাবিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি দেয়।
বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ‘গুচ্ছ সিলেকশন’ পদ্ধতি বাতিল এবং বিভাগ পরিবর্তন ইউনিটের দাবিতে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু কিছু শিক্ষার্থী বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দিনভর অনশন শুরু করে। তারা তাদের দাবির স্বপক্ষে নানা প্ল্যাকার্ড প্রদর্শন করে।
অনশনকারী শিক্ষার্থীরা জানায়, তারা দীর্ঘদিন ধরে বিভাগ পরিবর্তন ইউনিটের দাবিতে আন্দোলন করে আসছেন। সেই দাবি পূরণ না করে উল্টো বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ‘গুচ্ছ সিলেকশন’ পদ্ধতি চালু করা হয়েছে। এতে অনেক মেধাবী এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া থেকে বঞ্চিত হবে। তাই তারা দিনভর অনশনে বসেন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুপুর দেড়টার দিকে তাদের অনশন ভঙ্গ করিয়ে সেখান থেকে উঠিয়ে দেয় বলে জানান আন্দোলনকারী শিক্ষার্থী মাইশা নিসাত। অনশন ভঙ্গ করানোর পর একই দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে একটি স্মারকলিপি দেন।