রংপুরে বিদেশি মদসহ ঝালকাঠির আলোচিত ব্যবসায়ী শামীম আহমেদ ওরফে জর্দা শামীম ও তার সহযোগী আরিফ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের গোকুলপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ছয় বোতল বিদেশি মদ জব্দ করে জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত শামীম আহমেদ (৫৫) ও আরিফ হোসেন (৪৫) ঝালকাঠি পৌর শহরের পূর্বকাঠপট্টি এলাকার মৃত শাহাবুদ্দিন মিয়ার ছেলে।
বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, শামীম আহমেদ উত্তর ঢাকা মহানগর শ্রমিক লীগের সহ-সভাপতি এবং ২০২৩ সালের ঝালকাঠি জেলার সর্বোচ্চ ভ্যাটদাতা ছিলেন।
ঢাকার একাধিক মামলার পলাতক আসামি
পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।
শামীম আহমেদের বিরুদ্ধে ঢাকার উত্তরা পূর্ব ও রামপুরা থানায় একাধিক এজাহারভুক্ত মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
সহযোগী আরিফের বিরুদ্ধেও ঝালকাঠি সদর থানায় মামলা রয়েছে বলে জানা গেছে।
বিতর্কিত কর্মকাণ্ড ও নির্যাতনের অভিযোগ
অনুসন্ধানে জানা গেছে, জর্দা শামীম এলাকায় সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুর অত্যন্ত ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।
আওয়ামী লীগ সরকারের আমলে তার ছত্রছায়ায় শামীম এলাকায় জমি দখল, টর্চার সেলে মানুষ আটকে রেখে নির্যাতন এবং ব্যবসায়ীদের কাছ থেকে অনৈতিক সুবিধা আদায়ের সিন্ডিকেট গড়ে তুলেছিলেন।
এমনকি এক অসহায় কর্মচারীকে হাত-পা বেঁধে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন।
নিজেকে ‘গরিবের সুলতান’ দাবি করা শামীমের বিরুদ্ধে নিজ ভাইদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালানোর মতো সহিংস কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে।
দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে থাকলেও অবশেষে মদের চালানসহ রংপুরে পুলিশের জালে ধরা পড়লেন এই আলোচিত ব্যবসায়ী।