মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি জন ব্লিংকেনকে অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। চিঠিতে অভিন্ন লক্ষ্য অর্জনে নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী।
চিঠিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে অংশ নিতে নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছে ঢাকা।
পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের এই সফর বহুমুখী দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো জোরদার করবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ যে অভূতপূর্ণ উন্নতি অর্জন করেছে ব্লিংকেন তার একটি সংক্ষিপ্ত ধারণাও পাবেন বলে ঢাকার চিঠিতে উল্লেখ করা হয়।
এছাড়া রোহিঙ্গা ইস্যুতে পাওয়া শক্তিশালী রাজনৈতিক সমর্থন ও মানবিক সহায়তার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানানো হয় চিঠিতে। একইসঙ্গে মিয়ানমারে নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানের আন্তর্জাতিক প্রচেষ্টায় বাইডেন প্রশাসন আরও সক্রিয়ভাবে নিজেদের সম্পৃক্ত করবে বলেও আশা প্রকাশ করেছে ঢাকা।